প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অধিদপ্তরের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। তার নাম আকুব্বর হোসেন। রোববার উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আকুব্বর ওই গ্রামের মাজেদ মোল্যার ছেলে।
জানা যায়, রোববার সকাল ৯টার দিকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাহারা ইয়াসমিনের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল আকুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে ঘুমন্ত অবস্থায় থেকে ডেকে তোলা হয় ও হাতে হ্যান্ডকাফ পরানো হয়। অভিযোগ রয়েছে, এরপর সিপাহি মিঠুনসহ কয়েকজন সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।
আকুব্বরের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেওয়া সদস্যদের ঘেরাও করে রাখে। তারা মোহাম্মদপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর রায়, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামান আকুব্বরের বাড়ি যান।
আকুব্বরের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী ঘুমিয়ে ছিল। হঠাৎ করে তাকে টেনে-হিঁচড়ে তুলে মারধর করা হয়। তারা আমার স্বামীকে পিটিয়েই মেরে ফেলেছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা, সাদ্দাম হোসেন, শাবানা ও মনিরুল বলেন, অভিযানের নামে পরিকল্পিতভাবে আকুব্বরকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকুব্বর পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, অভিযান পরিচালনার সময় আকুব্বর হোসেনের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জ/উ