প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:১৮ এএম

জেলার কোটালীপাড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত এক ছেলে। আগুন লাগানোর পর অল্প সময়ের মধ্যেই টিন ও কাঠের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল তার মাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগী হেনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে দীর্ঘদিন ধরে নেশা করে। প্রায়ই মাদকের টাকার জন্য মারধর করেছে। ভয়ে অনেক সময় পালিয়ে থাকতাম। গত মঙ্গলবার রাতে টাকা না দিতে পারায় আমাকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। আমার বড় ছেলে প্রায় ১০ বছর ধরে ভারতে গিয়ে নিখোঁজ। ছয় মাস আগে স্বামীও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন আমার থাকার জায়গাটুকুও পুড়ে গেছে"।
প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল মাদকের জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করে। আগুন লাগানোর পর আমরা ছুটে এসে দেখি ঘর প্রায় পুড়ে গেছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকাসক্ত ছেলে নেশার টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বসত ঘরে এমন খবর পেয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সেখানে কোটালিপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।