প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:১৯ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফেজ ওসমান গনি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও নিহতের ভাই হাফেজ ওমর ফারুক (২৭) আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৬ মার্চ) সাড়ে নয়টার দিকে সিরাজপুর ইউনিয়নের মিরের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি (২০) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মাওলানা আবদুল হাই সাহেবের নতুন বাড়ির মাওলানা মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যান কবিরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় ফেনীর উদ্যেশ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফারুক ও গনিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে একজন মারা গেছে। এঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।