প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সমালোচনার শেষ নেই। সাধারণত এই ভেন্যুর উইকেট অতিমাত্রায় স্পিনবান্ধব ও নিম্ন মানের হয়ে থাকে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরে। তাই সিরিজ শুরুর আগেই আলোচনায় এই ভেন্যুর উইকেট।
যদিও এখন পর্যন্ত মিরপুরের উইকেট নিয়ে ইতিবাচক সবাই। বাংলাদেশের কোচ ফিল সিমন্সের পাশাপাশি পাকিস্তানের কোচ মাইক হেসনও সন্তুষ্টি প্রকাশ করেছেন মিরপুরের উইকেট দেখে। এই সিরিজে ভালো উইকেট পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেইসঙ্গে কন্ডিশনের সুবিধাও চান তিনি।
বুধবার (১১ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'অবশ্যই ভালো উইকেটে খেলবো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, প্রত্যেকটা দলই কিন্তু হোম সুবিধা নেয়। বিশ্বের যে দেশই খেলুক না কেন, সবাই চেষ্টা করে হোম সুবিধাটা নিতে।'
তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ স্পিনে একটু দুর্বল, তাই আমরা চেষ্টা করেছি হোম সুবিধা নেওয়ার। এখন আমরা অবশ্যই চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য এবং ব্যাটাররা যেন অনেক আত্মবিশ্বাস পায়, অনেক রান করতে পারে, সেটা চেষ্টা করবো।'
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা জেতে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।
বিশ্বকাপে কোয়ালিফাই করতে হোম কন্ডিশনের সুবিধা নিতে চান জানিয়ে মিরাজ বলেন, 'আমাদের কিন্তু কোয়ালিফাইও করতে হবে। তাই যাদের বিপক্ষে আমরা হোম সুবিধাটা নিতে পারি অবশ্যই চেষ্টা করবো নেওয়ার জন্য। আবার আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, বেশিরভাগ ম্যাচ যেন আমরা ভালো উইকেটে খেলতে পারি। হোম কন্ডিশন মানে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দিব, খারাপ উইকেটে আমরা খেলবো না। তখনও আমরা ভালো উইকেটে খেলব, শুধু হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি।'
জ/উ