প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। ম্যাচ শেষে তিনি রেফারির একাধিক সিদ্ধান্তের সমালোচনা করেন এবং পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।
মঙ্গলবার (৮ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মোস্তফা জিকো বলেন, রেফারির কয়েকটি সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে। তার ভাষায়, ম্যাচ পরিচালনায় ন্যায্যতার ঘাটতি ছিল এবং এতে দলের পরিশ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, তার কাছে ম্যাচটি ‘পাতানো’ মনে হয়েছে।
মিশর শিবিরের আপত্তির কেন্দ্রবিন্দু ছিল ৫৮তম মিনিটের একটি গোল। সে সময় জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেও ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে একটি ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়।
এ ছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগও তোলে মিশর। দলটির দাবি, ওই ঘটনাটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি।
উল্লেখ্য, ম্যাচটি পরিচালনা করেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ফিফার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জ/উ