গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবির অভিযোগে দায়ের করা মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে একই এলাকার মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে “মেরে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়,এমন অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন : বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব : প্রতিমন্ত্রী পুতুল

স্থানীয় সূত্রে জানা গেছে, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়েই দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে সিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টাকা সংক্রান্ত হুমকিসূচক বক্তব্য শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রাকিবুর রহমান রাজা বলেন, “গত বছর আমরা যৌথভাবে ব্যবসা করেছি। তার পাঁচ লাখ টাকা পাওনা ছিল, সেটিই চেয়েছি। কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবি করিনি। একটি মহল আমার মানহানি ও ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে।”

আরও পড়ুন : গুরুদাসপুরে সার সিন্ডিকেটের অভিযোগে কৃষকদের ক্ষোভ

এদিকে নাটোর জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে তার পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি এ. হাই. তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft