প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ এএম

বিদেশের মাটিতে আমাদের ক্ষতি আমরাই করি, আমেরিকা, ভারত বা অন্য কোনো দেশের লোক আমাদের ক্ষতি করে না। এতে আমাদের ক্ষতি হয়, কিন্তু আমরা বুঝি না বলে জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি নিজের উন্নয়ন ও সুশাসনভিত্তিক পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ইনসাফের শাসন কায়েম হলে এ অনিয়ম থাকবে না। আমরা সরকার (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) গঠন করতে পারলে আইনকরে এগুলো বন্ধ করা হবে।
জাতীয়পার্টি থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আমার অনেক বয়স হয়েছে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হউক তা আমি চাই। যেখানে ছিলাম (জাতীয় পার্টি) সেখানে সত্য ছিল না। তাই আমি এ সংগঠনে এসেছি সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে এ সংসদ সদস্যপ্রার্থী বলেন, জামায়াতের সময় কোনো ইসলামী সংগঠন ঐক্য করতে রাজি হয়নি। পীর সাহেব চরমোনাই সকল ইসলামী সংগঠনকে বুঝিয়ে জামায়েতের সঙ্গে ঐক্য করিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের সাথে একেক সময় একেক কথা বলে ঐক্য নষ্ট করেছে। শেষ পর্যন্ত তাদের এক নেতা (জামাতের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ তাহের) স্বীকারও করেছে, আমেরিকার চাপে তারা আমাদের সঙ্গে এমন করেছে।
নির্বাচন পরবর্তী নিজের কর্মপরিকল্প উত্থাপন করে এ নেতা বলেন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার। এ জনপদের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। এসব থেকে মুক্তি দিয়ে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।
সবশেষে তিনি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জ/দি