প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে দুটি আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করায় দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির। তবে একই আসনে সাবেক যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক (তোজা) এবং প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু ‘বিএনপি প্রার্থী’ পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবির বলেন, খোন্দকার আকবর হোসেন বাবলু দলীয় প্রার্থী পরিচয়ে মনোনয়ন সংগ্রহ করতে পারেন না। এটি দলীয় শিষ্টাচারবহির্ভূত। নির্বাচন কর্মকর্তারও তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঈনুল ইসলাম খান। এ আসনে এখন পর্যন্ত বিএনপির ভেতরে কোনো প্রকাশ্য বিদ্রোহ বা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া ও সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম দলীয় প্রার্থী হলেও একই আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ আসনেও দলীয় ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সব মিলিয়ে মানিকগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠের চেয়ে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ও সম্ভাব্য বিদ্রোহই এখন বেশি আলোচনায়।
জ/দি