প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম

লালমনিরহাট বুড়িমারীতে স্থলবন্দরে দুই দিন ধরে আটকা ভুটানের পণ্যের চালানটি অবশেষে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে অনুমোদনের পর কন্টেইনার ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি গত শুক্রবার (২৮ নভেম্বর) বুড়িমারী বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অনুমোদন না থাকায় এটি বন্দরেই আটকা ছিল।
মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার বিকেলের পরে অনুমোদন পাওয়ায় আমরা কাস্টমসের প্রক্রিয়া শেষ করে পাঠিয়ে দিয়েছি। বিকেলেই ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে। এটি ট্রানশিপমেন্টের প্রথম চালান। এখন থেকে অন্যান্য চালানও নিয়মিতভাবে যাবে।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রটোকল চুক্তি সই হয়। পরের বছর এপ্রিলে ভুটানে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্টের চালান পাঠানোর সিদ্ধান্ত হয়।
এরই অংশ হিসেবে ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং থাইল্যান্ডের থেকে এই চালানে ছয় ধরনের পণ্য- ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আমদানি করেছে। এটি ব্যাংককের ল্যাম চ্যাবাং বন্দর থেকে গত ২২ নভেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর কনটেইনার ট্রাকটি সড়ক পথে ভুটানের উদ্দেশ্যে গত ২৮ নভেম্বর বুড়িমারীর স্থলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়।
এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ভুটানের চালানের কাস্টমস আনুষ্ঠানিকতা অনুমতি পাওয়া গেছে। আমরা বিকেল ৪টার দিকে ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেয়েছি। পণ্য ভুটানের দিকে চলে যাচ্ছে।’
জ/উ