৪৭-এ পা ইসলামী বিশ্ববিদ্যালয়ের, উৎসবে মুখরিত ক্যাম্পাস
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৫:৪৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। আলোকসজ্জায় সজ্জিত ভবন, রঙিন আল্পনায় সাজানো প্রধান সড়ক এবং শিক্ষার্থীদের ভিড়ে পুরো বিশ্ববিদ্যালয় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে ৪৮ তম বর্ষে পা দেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় নির্ধারিত ব্যানার নিয়ে অংশ নেন বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউট ও অফিসের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে বর্ণিল শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : খুলনা জেলা কর্মকর্তাদের সাথে নবাগত প্রশাসকের মতবিনিময়

এদিকে বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জুলাই আন্দোলনে শহীদ সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ৪৩ বছরে বিশ্ববিদ্যালয়ের অনেক অগ্রগতি হলেও লক্ষ্য পূরণে কিছু ত্রুটি ছিল, যার দায়ভার আমরা সবাই বহন করি। আমাদের উদ্দেশ্য হলো ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা।”

আরও পড়ুন : মাগুরায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর এক বছরে ইসলামিক শিক্ষার জন্য একটি অনুষদ এবং আরও ৫টি নতুন বিভাগের প্রস্তাবনা পাস করিয়েছি, যা সরকারি অনুমোদনের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও প্রশাসনের সবার সহযোগিতা, আন্তরিকতা এবং গঠনমূলক সমালোচনা প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাব।”

উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সন্ধ্যায় মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা যায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft