প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ৮:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের পুরোনো বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) ভোরে শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটি এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি দেখা দেয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরদিন ভোরে দানা মিয়া ও শিপন গোষ্ঠীর লোকজন টেঁটা–বল্লম, লাঠি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া–পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলা। এতে কয়েকটি বাড়ির দরজা–জানালা ও আসবাবপত্র ভাঙচুর হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত তিন দফা সংঘর্ষে অন্তত ৬–৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে অনেকেই জখম হয়েছে। তাদের কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে এবং চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জমিটি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। উভয় পক্ষই নিজেদের দাবিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি অবস্থানে ছিল বলে গ্রামবাসী জানায়। সম্প্রতি দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জমি সংক্রান্ত পুরোনো বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
ঘটনার পর গ্রামজুড়ে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা মনে করেন এ বিরোধের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে। তবে এর বাইরে কেউই কোনো পক্ষকে প্রকাশ্যে দোষারোপ করেননি।