প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৪১ এএম

মানিকগঞ্জে পদ্মার শাখা নদীতে দেখা পাওয়া একটি কুমির ধরেছে এলাকাবাসী। শুক্রবার (৭ নভেম্বর) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি আটক করে স্থানীয়রা। সরীসৃপটির দৈঘ্য প্রায় ১৩ ফুট।
শুক্রবার সকাল থেকে ওই এলাকায় কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বিশেষ ফাঁদ পেতে প্রাণীটি আটক করা হয়। এসময় শত শত উৎসুক জনতা ভিড় জমান।
মুখ বেঁধে কুমিরটিকে আটকে রাখার পর স্থানীয় বনবিভাগকে খরব দেয়া হয়েছে। শনিবার সকালে বন কর্মকর্তারা কুমিরটি উদ্ধারে যাওয়ার কথা রয়েছে।
মাসখানেক ধরে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মার শাখা নদীতে কুমিরটির দেখা পাওয়া যেত। এতে নদীপাড়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নদীতে নামা বন্ধও করে দেন। পদ্মার এই শাখা নদীতে কুমিরের দেখা মেলায় একদিকে যেমন আতঙ্ক, অন্যদিকে কৌতূহলও ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে তারা কুমির আটকের খবর পেয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তারা ঘটনাস্থলে যাবেন। এরপর আটক প্রাণীটির বিষয়ে কী করা হবে সিদ্ধান্ত নেয়া হবে।
জ/দি