প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫শ মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকের হাতে উপহার তুলে দিয়েছেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
শনিবার (১ নভেম্বর) দুপুরে বসুরহাটের মেট্রো টাওয়ারে মতবিনিময় সভায় আয়োজিত অনুষ্ঠানে উপহারের এ জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করেন তিনি।
এসময় মো. ফখরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘ইমামগণ সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের গুরুত্বপূর্ণ এ ব্যক্তিদেরকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ সম্মানিত ব্যক্তিরা কোনো নির্দিষ্ট দলের নন। তবে তারা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগত ফ্যাসিস্ট আমলে এসব গুণী ব্যক্তিরা মন খুলে কথা বলতে পারেননি। এখন তারা যাতে সমাজের জন্য সঠিকভাবে কাজ করতে পারেন, সেই কামনা করি।’
অনুষ্ঠানে বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালীর সভাপতিত্বে ও যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
জ/উ