প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম

দীর্ঘ ৮৩ দিন পর পানিতে ডুবে থাকার পর দৃশ্যমান হলো পর্যটকদের আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।
পর্যটন করপোরেশনের এ কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় সেতুটির পাটাতন ভেসে ওঠে। বৃহস্পতিবার সকাল থেকে পর্যটন করপোরেশনের শ্রমিকরা সেতুটি পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করেন। ক্যাবলসহ কাঠামোগুলোর পরীক্ষা–নিরীক্ষা চলছে এবং আগামী সপ্তাহে ঝুলন্ত সেতুটি নতুন করে রঙ করা হবে।
তিনি আরও বলেন, এখন সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আপাতত প্রবেশমূল্য নেওয়া হচ্ছে না।
প্রতিবছর লাখ লাখ পর্যটক এই ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে আসেন। স্থানীয় পর্যটন কর্পোরেশনও এখান থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে।
তবে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি-সেতুটি যেন আরও উঁচু করা হয় যাতে বর্ষাকালে কাপ্তাই হ্রদের পানিতে আর ডুবে না যায়। জানা যায় এ বছর সেতুটি উঁচু ও স্থায়ীভাবে সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে।
প্রসঙ্গত, প্রায় প্রতিবছরই বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে ডুবে যায় এই ঐতিহ্যবাহী সেতুটি যা রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। গত ৩০ জুলাই বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গিয়েছিল সেতুটি।
জ/উ