প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম

নেপালে চলমান ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত রয়েছে। এতে কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার বিকেলে ১১৪ জন যাত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।
বিমানের মুখপাত্র মঙ্গলবার বিকেলে বলেন, ‘আজ রাত সাড়ে ১২টা পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় আমাদের বোয়িং-৭৩৭ দ্বারা পরিচালিত বিজি-০৩৭১ ফ্লাইটটি ফিরে আসতে হয়েছে।’
বিমানটি নির্ধারিত সময় অনুসারে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে এবং স্থানীয় সময় দুপুর ২টায় কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল।
“কিন্তু বিমানটি যখন বিমানবন্দরের কাছে পৌঁছানোর পথে ছিল, তখন এটি অবতরণের ছাড়পত্র পায়নি।” বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির।
কাঠমান্ডুর আকাশসীমায় প্রায় ৫৫ মিনিট ঘোরাঘুরির পর ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরে আসে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
রওশন কবির জানান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ৯৪ জন যাত্রীর ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। তিনি বলেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য বিমান হোটেলে থাকার ব্যবস্থা করবে।