প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পাখি আক্তার (২৮) ঐ এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের চালায় ঢিল ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশীরা এসে হত্যাকাণ্ড দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
প্রতিবেশীরা জানান, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতেন অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোনো সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনো শনাক্তও হয়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।