প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৩৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় পাহাড়ে এ অভিযান চালানো হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যৌথবাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন- কামরুল হাসান রেদোয়ান (৩৫), মো. রুমন (২৫), মো. আশিক (৩৫) ও আমির ইসলাম (৪০)।
উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে- ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।