প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:৫১ এএম আপডেট: ২৫.০৮.২০২৫ ২:৫৬ এএম

পঞ্চগড়ের বোদায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কালাম হোটেলকে জরিমানা ও সুরমা জেনারেল হাসপাতালকে জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বিভাগ সহযোগে যৌথ বাহিনীর সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবির সাহা উপজেলার বাইপাসে কালাম হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় পোড়া ভোজ্য তেল দিয়ে রান্না, অপরিষ্কার রান্নাঘর, অপরিষ্কার পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী কালাম হোটেলকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও সুরমা জেনারেল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সরঞ্জাম, অপরিষ্কার অপারেশন থিয়েটার ও অপরিষ্কার কেবিনের মাধ্যমে রোগীদের প্রতিশ্রুত সেবা প্রদান না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুবির সাহা। এসময় সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকস যৌথ টিম উপস্থিত ছিলেন।
তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।