প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম

প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকল্প অনুমোদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান ও মুখপাত্র ইবনুল সাঈদ রানা সোমবার এক বিবৃতিতে বলেন, সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্রের শর্তে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অথচ প্রকল্পের কারণে চলনবিলের প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে দেখা গেছে, একনেক সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ প্রকল্প নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তারপরও প্রকল্পটি অনুমোদন হলো।
কমিটির নেতারা মনে করেন, পরিবেশ রক্ষার প্রশ্ন কোনোভাবেই সরকারের উচ্চ মহলে উপেক্ষা বা কটাক্ষের বিষয় হতে পারে না। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সবার কঠোর অবস্থান জরুরি। কারও স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প যদি পরিবেশ ধ্বংস করে, তবে তা একনেক সভায় পাশ হওয়া উচিত নয়।
প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি আরও জানিয়েছে, চলনবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। দেশের সচেতন নাগরিক হিসেবে তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।