পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় মাছ সংরক্ষণ ও মৎস্যজীবীদের উন্নয়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আজ সোমবার সকাল ১১টায় শহরের রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান ও ইউএনও মামুনুর রশীদ। 

বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণে অভয়াশ্রম প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা অবৈধ জাল, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, এবং বিষ বা বিদ্যুৎ ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান। বরিশাল অঞ্চলে মাছের দাম বেশি হওয়ার পেছনে উৎপাদন ঘাটতির কথা তুলে ধরে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। 

আলোচনায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে বার্ষিক প্রায় ৮ শতাংশ চিংড়ি রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। দেশীয় জলজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে মাছ উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। 

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভুট্র এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্লাস্টার অফিসার মো. শাহিন মৃধা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মৎস্য সপ্তাহ   পিরোজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft