প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১:০৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৬:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সারাদেশের পথে পথে সন্ত্রাস ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অতিষ্ঠ। এ সেক্টরে ৭৫ লাখ শ্রমিক এবং বড় বাণিজ্যিক বিনিয়োগ হয় কিন্তু সবচেয়ে বেশি বদনাম বহন করে চলতে হচ্ছে। সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে পরিবহন সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০২৫- এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, রাষ্ট্র-সরকার ও সমাজে পরিবহন সেক্টরের শ্রমিকদের দুর্নাম ঘোচানোর জন্য গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নিজেদের ভুল-ভ্রান্তি পরিহার করে পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ এবং আত্মসমালোচনা গ্রহণ করে বাংলাদেশের শোষিত বঞ্চিত সাত কোটি ৩৫ লাখ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য পরিবহন শ্রমিকদের কাজ করতে হবে।
তিনি বলেন, সড়ক পথে সব ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতার বিরুদ্ধে পরিবহন সেক্টরের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাত্রী, পথচারী ও জনগণের যেকোনো অভিযোগ নিরসনের জন্য পরিবহন শ্রমিক নেতাদের কাজ করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আউয়াল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।
জ/উ