প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশীয় তৈরি এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং তিনটি মোটরসাইকেলসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে সন্দ্বীপ থানাধীন সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হান্নান তিনি মুছাপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে অপরজন মোঃ আরমান সারিকাইভ গ্রামের মোঃ সোলেমানের ছেলে।
গ্রেপ্তারের সময় হান্নানের নিকট থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি সোহেলের ভাড়াকৃত দোকানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির যন্ত্রপাতি এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতকদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ অস্ত্র নির্মাণ ও মজুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।