দেবীগঞ্জে ভুয়া ডেন্টাল চেম্বারে অভিযান, চেম্বার সিলগালা
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:২২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি ডেন্টাল চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 'রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার' নামের অবৈধ চেম্বারটি সিলগালা করা হয় এবং রোগীর চিকিৎসা দেওয়ার দায়ে গোলাম রব্বানী রাব্বি নামে এক পল্লী চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন

সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সাংবাদিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালডাঙা ইউনিয়নের শালডাঙা বাজারে গোলাম রব্বানী রাব্বি ‘রওজা ফার্মেসি’ নামের একটি দোকানের মাধ্যমে ওষুধ বিক্রির পাশাপাশি নিয়মিতভাবে রোগীদের প্রেসক্রিপশন প্রদান করতেন। একইসাথে, তিনি ‘রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার’ নামে একটি ডেন্টাল চেম্বার পরিচালনা করছিলেন, যদিও তার চিকিৎসা বা দন্ত চিকিৎসার কোনো স্বীকৃত ডিগ্রি নেই।

আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত রাব্বি বলেন, “আমি চিকিৎসা শাস্ত্রে তিন মাসের এবং দন্ত চিকিৎসায় ছয় মাসের একটি কোর্স করেছি।”

তবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, “এ ধরনের স্বল্পমেয়াদি ট্রেনিং চিকিৎসা সেবার জন্য বৈধ নয়। তার প্রেসক্রিপশন সম্পূর্ণভাবে অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ধারা অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার অবৈধ চেম্বারটি সিলগালা করা হয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft