প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:০৫ পিএম

উদ্ধারকৃত খাস জমিতে বাস্তবায়নাধীন খেলার মাঠ দখল করে হাল চাষ ও কাঁটা তারের বেড়া স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এ আয়োজন করেন কলসপাড় ইউনিয়নের তারাকান্দা গ্রামের সচেতন নাগরিক সমাজ।
সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গত এপ্রিল মাসে উপজেলার বালুঘাটা মৌজায় সরকারের খাসখতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমিটিকে খেলার মাঠ ঘোষণা করে গত ১৮ এপ্রিল প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনও করে প্রশাসন। ওই জমিকে খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট ও মঞ্চ বানানোর কাজ চলছিল। কিন্তু রুবেল মিয়া নামে স্থানীয় এক দখলদার প্রশাসনের অগোচরে আদালতে গিয়ে একতরফাভাবে ওই জমির উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে। রুবেল মিয়া গত শুক্রবার বিকেলে ট্রাক্টর দিয়ে ওই মাঠ চাষ করে ফেলে এবং শনিবার কাঁটা তারের বেড়া নির্মাণ করে আমন আবাদের প্রস্তুতি নিয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় সচেতন সমাজ খেলার মাঠটি দখলমুক্ত করতে মানববন্ধন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সহায়তা কামনা করেন।
মানববন্ধনে অন্যানের মাঝে বক্তব্য রাখেন- শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা দ্রুত ওই জমি দখলমুক্ত করে খেলার মাঠের কার্যক্রম অগ্রসরের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি দৈনিক জবাবদিহিকে বলেন, উপজেলা প্রশাসনের উদ্ধারকৃত খাস জমিতে হঠাৎ করে একজন একতরফাভাবে আদালতের একটি ডিক্রি নিয়ে এসেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসীকে সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।