আচরণবিধি প্রকাশ
রাকসু নির্বাচনে প্রার্থী হতে ডোপ পরীক্ষা লাগবে
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:২৭ পিএম

দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে প্রার্থী হতে শিক্ষার্থীদের ডোপ পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল বনে গন্য হবে।

আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো ব্যক্তি নির্বানী আচরণবিধি ভাঙলে সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদন্ড করা হতে পারে। এ ছাড়া এই অপরাধের কারণে প্রার্থীতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী সব দন্ডে দন্ডিত করার বিধানও রাখা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এই আচরণবিধি প্রকাশ করা হয়। মনোনয়নপত্র, প্রার্থীদের ডোপ পরীক্ষার বাধ্যবাধকতা, নির্বাচনে প্রচারণা, ছাত্র ও ছাত্রীদের হলে প্রবেশের নিয়মাবলি, আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিধান নিয়ে আচরণবিধিতে নির্দেশনা দেওয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে আচরণবিধিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মনোয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে প্রার্থী নিজে বা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোয়নপত্র সংগ্রহ করতে পারবেন। যে কোনো প্রার্থীই সর্বোচ্চ ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিল করতে পারবেন না। তবে মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিলের সময় কোনো ধরণের মিছিল শোভাযাত্রা করা যাবে না। মনোনয়নপত্র প্রত্যাহার করতে হলে প্রার্থীকে অব্যশই সশরীরে উপস্তিত হতে হবে। এ ছাড়া ডোপ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

নির্বাচনে যানবাহন ব্যবহারের বিধিনিষেধের বিষয়ে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করতে পারবেন না। ভোট গ্রহণের দিন ভোটারদের আনা নেওয়ার ক্ষেত্রে ভোট কেন্দ্রে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তবে ভোটের দিন প্রার্থী, ভোটার, শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসার জন্য নিজ উদ্যোগে বাইসাইকেল ও রিকশা ব্যবহার করতে পারবে।

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘন্টা আগ পর্যন্ত সভা, সমাবেশ, শোভাযাত্রা ও কোনো ধরণের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। সাধারণত নির্বাচনী প্রচারণার সময় সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। প্রার্থী এবং ভোটার ব্যতীত অন্য কোন ব্যক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনী প্রচারণায় ৬০*৪৫ সেন্টিমিটার সাদা কালো পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় কোনো ভবনের দেয়ালে নির্বাচনসংক্রান্ত লেখঅ ও পোস্টার লাগানো যাবে না।

এক প্রার্থী অন্য প্রার্থী বা প্রার্থীর সমর্থকদের পোস্টার লাগাতে না দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, পোস্টারের ওপর পোস্টার লাগানো, সভা ও মিছিলে বাধা, মাইক কেড়ে নেওয়াসহ নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বচানী প্রচারণা চালানো যাবে না একাডেমিক ভবনের অভ্যন্তরে। ক্যাম্পাসে সভা করতে চাইলে সভার স্থান ও সময় সম্পর্কে প্রক্টরকে আগে থেকে অবগত করে অনুমতি নিতে হবে। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া আবাসিক হলের অভ্যন্তরে কোনো মিছিল সমাবেশ করা যাবে না। ভোটের দিন ভোটার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্র এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্র পরিচিতি সভায় প্রবেশ করতে পারবেন। এ ছাড়া নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন ভোটাররা। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং কর্মকর্তার ইস্যু করা পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোট গ্রহণ সরাসরি সম্পচার করা যাবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft