নারায়ণঞ্জে শ্রমিক অসন্তোষ, ৮ কারখানা বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অসন্তোষের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (৩০ জুন) সকালে ফতুল্লার কুতুবআইল এলাকার কারখানায় এ ঘটনা ঘটে।

এসময় ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে আশপাশের আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে এদিন বিকেল ৪টা পর্যন্ত উত্তপ্ত ছিল ফতুল্লার শিল্পাঞ্চল। কোনো মীমাংসা না হওয়ায় আবির ফ্যাশন লে-অফ ঘোষণা করেছে মালিকপক্ষ।

স্থানীয়রা জানান, সকাল ৮টায় শ্রমিকরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। এরপর অন্তত এক হাজারের মত শ্রমিক একসঙ্গে পাশের মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাট টেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আট কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় মালিকপক্ষ ভয়ে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শ্রমিকদের বুঝিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যান। সেখানে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘ সময় আলোচনা করেন। এতে শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়ায় আলোচনা থেকে বেরিয়ে গিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আবির ফ্যাশনের ম্যানেজার সাগর মল্লিক বলেন, আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছে। এরমধ্যে গার্মেন্টসে রয়েছে ২৪০০। গার্মেন্টসের মধ্যে ২০৫জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি যারা সবসময় নানা অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমাদের ধারণা কোনো একটি চক্র গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় আবির ফ্যাশনে কিছু শ্রমিক তাণ্ডব চালিয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ একটি এজাহার দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft