প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:০২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে নসিমন ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার দেবীগঞ্জ-নীলসাগর সড়কের সোনাহার এলাকার কানার মোড় (আলমনগর) নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গরু বহনকারী একটি নসিমন ও আইসক্রিম বিক্রেতার ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন আইসক্রিম বিক্রেতা শাহিন।
স্থানীয়রা আহত শাহিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহিন ইসলাম(১৪) উপজেলার সোনাহার ইউনিয়নের সরকার পাড়া গ্রামের শাহিবুল ইসলাম এর ছেলে।
দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো (রাত ৮:৩০) কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।