নেত্রকোনায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:৪৯ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। 

গতকাল বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) এবং পৌর শ্রমিক দলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তারা দুজনেই কেন্দুয়ার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা।

মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী এর প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র মদন সেনাক্যাম্পে পাঠান।

পরে রাতেই সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে দুইজনকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা চক্রের আরও কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেন। পরে আটক দুজনকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

সেনা কর্মকর্তা লে. মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, "চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে ধরা হয়। তারা জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগির নাম জানিয়েছে, যা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।"

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "আটক দুইজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft