প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:৪১ পিএম

নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামে পারিবারিক কবরস্থানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী আকলিমা চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে।
এ ঘটনায় আহত ফুল মিয়ার বাবা আবুল বাশার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) বিকেলে পারিবারিক কবরস্থানে বেড়া দিতে গেলে ফুল মিয়া ও তার ভাইদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফুল মিয়া, তার স্ত্রী আকলিমা এবং প্রতিপক্ষ সোনা মিয়ার পক্ষের কয়েকজন নারী আহত হন।
পরে ফুল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে নোয়াপাড়া ব্রিজ এলাকায় ফের হামলার শিকার হন তিনি। অভিযোগে বলা হয়েছে, রিয়াজ, সাখাওয়াতসহ একদল লোক সেখানে তার ওপর হামলা চালায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুল মিয়ার বাবা আবুল বাশার বলেন, “কবরস্থানে বেড়া দিতে গেলে আমার ছেলের ওপর হামলা চালানো হয়। আমি এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ সোনা মিয়া বলেন, “আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। বাজার থেকে ফিরে দেখি নারীসহ চারজন আহত হয়ে পড়ে আছে। তাদের হাসপাতালে নিয়ে যাই। গোরস্থানে বেড়া দিতে গেলে আমরা বাধা দিলে তারাই আমাদের ওপর হামলা চালায়। আমাদের পক্ষের মদিনা নামের এক নারীর অবস্থাও আশঙ্কাজনক।”
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”