প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:২৭ পিএম

ঈদ উদযাপনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফেরি ও লঞ্চ পারাপারের যাত্রীদের চাপ বাড়তে থাকে। তবে কোন ধরনের ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে চড়তে পেরে স্বস্তিতে রয়েছে যাত্রীরা।
ঈদযাত্রায় নিরাপদ ও নির্বিঘ্নে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। ঘাট এলাকায় ফেরি কিংবা লঞ্চের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। অনায়াসেই লঞ্চ-ফেরিতে উঠতে পেরে স্বস্তি জানিয়েছে যাত্রীরা।
ঘাটের নিরাপত্তা ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ, নৌপুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে স্বস্তি প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন জানান, বর্তমানে নদীতে পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় তীব্র স্রোত রয়েছে। এ কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি চলাচলে কিছুটা বেশি সময় লাগছে। তবে ফেরির সংখ্যা বেশী থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোন সমস্যা হচ্ছে না।