প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:১০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার নিহত সামিমা সুলতানা শারমিনের স্বামী আব্দুস শহীদ মাসুক আলীসহ চারজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এলাকাবাসীর সহযোগিতায় মাসুককে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, অভিযানে এসআই আব্দুস শহীদ ও এএসআই হামিদসহ পুলিশের একটি দল অংশ নেয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নিজ ধানক্ষেতে কাজ করার সময় মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম দেশীয় অস্ত্র দিয়ে শারমিন ও মিম সুলতানাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হামলায় শারমিনের দুই হাত ও মিমের এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মা হাজেরা বেগম বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর জ্ঞান ফেরেনি।