প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৫:১৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে এসে সড়কে ঝরে গেলো জাপান প্রবাসী মঞ্জু আলমের (৫৫) প্রাণ।
গতকাল শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোল চত্বর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। মঞ্জু আলম দীর্ঘ ১০ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে জাপানে বসবাস করে আসছিলেন। আসন্ন ঈদ উল আযহার আনন্দ বিষাদে পরিণত হয়েছে নিহতের পরিবারে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঞ্জু আলম দীর্ঘ ১০ বছর ধরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে জাপানে বসবাস করে আসছিলেন। এক সপ্তাহ আগে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উল আযহা উদযাপন করতে তিনি জাপান থেকে দেশে ফেরেন। শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে নিজ বাড়ীর নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেল যোগে স্থানীয় অভি নামের এক প্রতিযেশী যুবককে সঙ্গে নিয়ে সৈয়দপুর যান। সৈয়দপুরে কাজ শেষ করে বাড়ী ফেরার পথে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোল চত্বর এলাকায় বাঁক নেওয়ার সময় একই দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কলরী পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক অভি (২২) ও আরোহী জাপান প্রবাসী মঞ্জু আলম (৫৫) সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় অভি সড়কের বাম পার্শ্বে পড়ে সামান্য আহত হলেও মঞ্জু আলম সড়কের ডান পার্শ্বে পড়ে যাওয়ায় ওই ট্যাঙ্কলরীর পাচার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ট্যাঙ্কলরীটি দ্রæত গতিতে এলাকা থেকে পালিয়ে যায়। বিষয়টি জানা জানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্যাঙ্কলরীটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।