প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৪৫ পিএম

ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে জীবন ওরফে মন্টু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে বেপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে ‘নষ্ট শিমুল’, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সিদ্দিকিয়া সড়ক এলাকায় মাদক ব্যবসায়ীদের অবাধ চলাফেরা থাকলেও পুলিশ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।