প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:১৭ পিএম

তখন রাত দুইটা, প্রতিদিনের মত ঘুমিয়ে ছিলেন ছুরতন নেছা (৬৫)। হঠাৎ তার ঘরে হানা দেয় বন্যহাতির দল। ঘর থেকে তাকে টেনে হেঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করে বন্যহাতি। গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত ছুরতন নেছা ওই এলাকার মৃত রঙ্গু শেখের স্ত্রী।
স্থানীয় সূূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।
বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে।
বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী সাংবাদিকদের জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।