ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:৩৯ পিএম

ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আসাদুজ্জামান বাচ্চু শেখকে (৪৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়। 

তবে তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে আদালত জানিয়েছেন।  

আজ বুধবার  (২৮ মে) দুপুর ১২ টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ উপস্থিত ছিলেন। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর পাড়ার ছাত্তার শেখের ছেলে। 

আদালত সুত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ অক্টোবর ফরিদপুর জেলা সদরের দ্বিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার এমবিএ নামক একটি মুরগির খামারের ঘর থেকে শান্তার লাশ উদ্ধার করেন কোতয়ালী থানা পুলিশ। তাঁরা দুজনেই ওই খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার পর স্বামী বাচ্চু শেখ ওই খামার থেকে পালিয়ে যান। এর দুদিন পর কোতয়ালী থানায় বাচ্চু শেখকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জরিনা বেগম।

আদালত ও এজাহার সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল স্বামী আসাদউজ্জামান বাচ্চু শেখ। এক পর্যায়ে শান্তাকে ডিভোর্সও দিয়ে দেন। কিছুদিন পর নিজের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে শান্তাকে পুনরায় বিয়ে করেন। এরপর তাঁরা ওই মুরগির খামারে কাজ করা শুরু করেন। কিন্তু যৌতুকের জন্য পুনরায় বিভিন্ন সময় নির্যাতন চালাতে থাকেন। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ২৫ অক্টোবর আসামী তাকে ফোন করে জানান তাঁর মেয়ে খুব অসুস্থ। এরপর রাতে আর ফোন রিসিভ না করলে পরেরদিন ওই এলাকায় এসে তালাবদ্ধ ঘরে তাঁর মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।

ঘটনার পর আসামী পালিয়ে গেলেও ২০২৩ সালের ২৫ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ এবং একই বছরের ১৬ই জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুজন বিশ্বাস ও জাহাঙ্গীর আলম।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ১০ জনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন। আমরা এই আদেশে সন্তুষ্ট প্রকাশ করছি। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে যে যৌতুকের দাবিতে নির্যাতন করে যে হত্যা করে পার পাওয়া যাবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft