আ. লীগ নেতার বাড়ীতে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:৩০ পিএম

লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতার বহুতল ভবনে ৫ আগস্টে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহতের ঘটনার ৯ মাস ২২ দিন পর হত্যা মামলা দায়ের হয়েছে। এতে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ আগস্ট বিকালে ছাত্রজনতার আন্দোলনের সময় পৌরশহরের কালীবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের (৪৬) বহুতল বাস ভবনে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহত হয়। এ ঘটনার সাড়ে নয় মাস পরে গত সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সহযোদ্ধা আরমান আরিফ (২৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আরমান আরিফ লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড়ের মোঃ নুর ইসলামের ছেলে। 

এসময় লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এ মামলার এজাহার নামীয় ৬ জন আসামিকে শহর এবং সদরের  বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করে। এদের সবাইকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রিফিউজি কলোনির মৃত লাল খানের ছেলে সেলিম খান ওরফে বকুল (৫৬), পূর্ব থানা পাড়ার মৃত কাশেম ভেন্ডারের ছেলে মোঃ জাহিদ হাসান ওরফে ভুট্টু ( ৪৮), বসুন্ধরা এলাকার মৃত আমানত উল্লাহ সরকারের ছেলে শরীফ মোহাম্মদ আতাউল্লাহ (৫০), রিফিউজি কলোনির মৃত রাজ্জাকের ছেলে মোঃ জুয়েল মিয়া, ওয়ার্লেস কলোনির মৃত আজিজের ছেলে মোঃ দোয়েল ( ৩৬), সদরের কাজীর চওড়া গ্রামের কেন্দু মাহমুদের ছেলে বাবুল (৩৫)। এদের মধ্যে শরীফ মোঃ আতাউল্লাহ বাদে সকলেই আওয়ামীলীগের নেতা ও কর্মী।

আটকদের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন যখন চরম আকার ধারণ করে, সেই সময় স্বৈরাচারী আওয়ামী সরকার বিরোধী বিক্ষুব্দ জনতার দলে থাকা অবস্থায় একই দিন বিকাল আনুমানিক  তিনটায় আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়ির সামনের পাকা সড়ক দিয়ে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার মিছিল যাওয়ার সময় আসামিদের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এজাহার নামীয় আসামিরা ( পরবর্তী সময়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত) ৬ জনকে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণ করে। 
মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকাল আনুমানিক ৪ টার দিকে উল্লেখিত আটক ৬ জনকে আওয়ামী লীগ নেতা সুমন খানের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বহুতল বাস ভবনে তালা বদ্ধ করে নিজেরাই নিজেদের বাচানোর অপকৌশল হিসেবে উক্ত বাড়িতে আগুন লাগিয়ে সুযোগ বুঝে অনত্র সটকে পড়েন। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ভবনে আটক ৬ জন মৃত্যু বরণ করেন। 

আওয়ামী লীগ নেতা সুমন খানের সুরম্য বহুতল ভবনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণকারী ৬ জন হলেন, লালমনিরহাট শহরের  বসুন্ধরা এলাকার আলোরুপা মোড়ের  জহুরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭), লালমনিরহাট শহরের সুরকিমিলের মৃত জাহেদুল ইসলাম ওরফে খোকনের ছেলে আল শাহরিয়ার রিয়াদ ওরফে তন্ময় (১৯), লালমনিরহাটের আদিতমারীর খাতাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহরিয়ার আল আফরোজ ওরফে শ্রাবণ (১৮), লালমনিরহাট শহরের নবী নগরের মৃত সেকেন্দার আলীর ছেলে জনি মিয়া (২০), কুড়িগ্রামের ফুলবাড়ির জিয়াউর রহমানের ছেলে রাধিক হোসেন ওরফে রুশো (১৯) এবং লালমনিরহাট শহরের বানভাসা এলাকার রেজাউল করিম সরকারের ছেলে রাজিব উল করিম সরকার (১৮)। 

মামলার বাদী আরমান আরিফ (২৭) বলেন, মামলার এজাহার নামীয় আসামিরা পরস্পর যোগসাজশে আমাদের সহযোদ্ধা ৬ জনকে আটকের পর উক্ত ভবনে আগুন লাগিয়ে দিয়ে তাদের নির্মম ও নৃশংস ভাবে হত্যা করেন। 

মামলার এজাহারে বাদী আরমান আরিফ (২৭) উল্লেখ করেন, উল্লেখিত ঘটনার বিষয়ে অদ্যাবধি কোনো সুষ্ঠু তদন্ত বা কোনো রুপ মোকদ্দমা দায়ের না হওয়ায় দীর্ঘ দিন অপেক্ষার পর আশাহত হয়ে ন্যায় বিচার কামনায় অত্র এজাহার আনায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হলো। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ নুরনবী ও লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) বাদল কুমার মন্ডল এক প্রশ্নের জবাবে বলেন, লালমনিরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত বাচ্চু খানের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে সুমন খান (৪৬)সহ ৩৮ জনের নাম পরিচয় উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। 

এদের মধ্যে ইতোমধ্যে ছয়জনকে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের পাশাপাশি অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft