প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:২৯ পিএম

মোংলা বন্দরে বাণিজ্যিক জহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
গত সোমবার ভোর রাতে মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় থাকা এম,ভি সেজুতি নামক বাণিজ্যিক জাহাজে ১২জনের একটি ডাকাত দল অস্ত্রসহ প্রবেশ করে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দলটি।
এ ঘটনার পর ডাকাতি হওয়া পণ্য উদ্ধার ও ডাকাতদের ধরতে অভিযানে নামে কোস্ট গার্ড।
আটককৃত তিনজনকে বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা হলো জাহাজের চীফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক (৫০), ডাকাতি হওয়া মালামালের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাত সুমন হাওলাদার (২১)।