প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:২২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড় এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন (৪৪) ও হাসেম আলী (৩৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইসমাইল উপজেলার দাওধারা এলাকার মৃত আব্দুল মালেকের ও হাসেম কাটাবারি এলাকার বিল্লাল হোসেনের পুত্র।
গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দাওধারা কাটাবারি প্রস্তাবিত পর্যটন কেন্দ্র (ঘটনাস্থল) পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এবিষয়ে আইনগত যা পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে গত সোমবার দাওধারা কাটাবারি এলাকার প্রস্তাবিত একটি পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বনের জায়গায় কোন পর্যটন কেন্দ্র হবে না এমন ঘোষণা আসলে উপদেষ্টার উপস্থিতিতেই স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ মোট ৬ জন সাংবাদিক আহত হন।
এই ঘটনায় মঙ্গলবার রাতে সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৪০ জন অজ্ঞাত আসামি রাখা হয়। রাতেই দুজনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।