প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:৩০ পিএম

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বুধবার (২৮ মে) ভোর রাত থেকে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্তে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা চালায়। পরে বিজিবি ও গ্রামবাসীর বাঁধায় তা ব্যর্থ হয়। এর আগে জেলার পাটগ্রাম সীমান্তে গত ২১মে রাতে উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়ার গেট খুলে ভারতে বসবাসকারী ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোররাত হতে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিককে বিএসএফ বাংলাদেশে পুশইন করার উদ্দেশ্যে সীমান্তে জড়ো করে। পরে বিজিবি ও স্হানীয়দের চেষ্টায় তা ব্যর্থ হয়।
এরমধ্যে পাটগ্রাম সীমান্তে জোংড়া ইউনিয়ন ধবলগুড়ি গুড়ালটারী ৮৮০/১২ এস পিলারের পাশ দিয়ে ৫ জন ভারতীয় দুই জন মহিলা ৩ জন পুরুষ নাগরিককে সকাল থেকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায় বিএসএফ। এদিকে হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং পিলারের কাছে পুশইনের চেষ্টা করে ৬ ভারতীয় নাগরিককে। আদিতমারী উপজেলার দুর্গাপুর সিমান্তে ৯২৪ নাম্বার পিলারের কাছে ১৩ ভারতীয় মুসলিম নাগরিককে বিএসএফ পুশইন চেষ্টা করে। সেখানেও বিজিবি ও গ্রামবাসীর বাঁধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে বর্তমানে বিএসএফের পুশইন চেষ্টায় সীমান্তের জিরো লাইনে বসে আছে ভারতীয় বসবাসকারী অনেক মুসলিম নাগরিক।
লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) অধিনায়কল লে, কর্নেল মো. মেহেদী ইমাম (পিএসসি) জানায়, দুর্গাপুর সীমান্তে পুশ-ইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিন্তু তা স্হানীয়দের প্রচেষ্টায় প্রতিহত করা হয়। আজকে দুপুরে পতাকা বৈঠকের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।