উপদেষ্টা রিজওয়ানার গারো পাহাড় পরিদর্শনকালে আসলে কি ঘটেছিল?
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:৫৮ পিএম

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড় অঞ্চলে প্রস্তাবিত একটি পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত সোমবার উপজেলার দাওধারা-কাটাবারি নামক এই প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে উপদেষ্টার পরিদর্শনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রচারনা। ছড়িয়ে গেছে উপদেষ্টার গাড়ি বহরে বা তার উপর হামলার খবর। উপদেষ্টা বা তার গাড়িবহরে কোন হামলা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা রিজওয়ানার গারো পাহাড় পরিদর্শনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও জনগণের বিতণ্ডা হয়েছে বলে জানা যায়। যা উপদেষ্টার সফরের সঙ্গে সম্পর্কিত নয়। 

তবে উপদেষ্টা রিজওয়ানার গারো পাহাড় পরিদর্শনকালে আসলে কি ঘটেছিল? প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের কাছ থেকে জানতে চেষ্টা করেছে দৈনিক জবাবদিহি।

প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলে উপদেষ্টার উপর কোনো হামলা হয়নি। তবে অবৈধভাবে বালু–পাথর তোলা নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করায় হামলা হয়েছে ৬ সাংবাদিকের ওপর এমন অভিযোগ করেছে সংবাদকর্মীরা। স্থানীয়রা বলছে উপদেষ্টার সাথে কথা বলতে না পারার ক্ষোভে সাংবাদিকদের উপর চড়াও হয় স্থানীয় জনতা। এমন সময় কিছু সুযোগ সন্ধানী মবের সৃষ্টি করে।

সূত্র জানায় ২০২৩ সালে বন বিভাগের দখলে থাকা ২২৩ একর খাস জমি উদ্ধার করে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সেসময় ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছিল। সাম্প্রতিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাওধারা কাটাবারির এই পর্যটন কেন্দ্রের কাজ নতুন করে শুরু করা হয়। তবে পর্যটন কেন্দ্রে বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় বনবিভাগ। নিজেদের সুবিধার্থে পর্যটন কেন্দ্র নির্মাণে বনবিভাগ বাধা দিচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, এখানে একটি পর্যটন কেন্দ্র হলে তাদের জন্য খুব ভালো হবে, অনেকের কর্মসংস্থান হবে।

কিন্তু বনবিভাগের জোর আপত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ রাখা হয় পর্যটনের চলমান কাজ। বিষয়টি নিয়ে গত ১৩ মে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শামীমা বেগম সরেজমিন আসলে পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি তোলে স্থানীয়রা।

এসব বিষয় পর্যালোচনায় গারো পাহাড় পরিদর্শনে আসেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এসময় পর্যটন কেন্দ্রের বিষয় চাপা পড়ে বারবার হাতি-মানুষের দ্বন্দ্বের বিষয় নিয়ে কথা উঠে। হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করার আশ্বাস দেন উপদেষ্টা রিজওয়ানা। পরিবেশ রক্ষায় বন থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ কেটে ফেলার নির্দেশনাও দেন তিনি। গারো পাহাড়ের হাতি চলাচলের পথে কোন ধরনের পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্র করতে দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা। তবে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণে কার্যকর সব পদক্ষেপ নেওয়া হবে।

এসময় পর্যটন কেন্দ্রের বিষয়ে উপদেষ্টার সাথে কথা বলতে না পেরে স্থানীয় জনতা উপদেষ্টার গাড়ির সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে উপদেষ্টা মধুটিলা ইকোপার্কের উদ্দেশ্য রওনা হলে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় সাংবাদিকদের উপর। এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আহত হন মোট ৬ সাংবাদিক। 

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল। শেরপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়ে এই ঘটনার বিচার দাবি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft