প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৫:৫১ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক বাড়িতে কেউ না থাকার সুযোগে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণ করেছে মো. মেহেদী হাসান গাজী নামের এক দুর্বৃত্ত। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ওই দিনই থানায় মামলা দায়ের করেন কিন্তু দুর্বৃত্ত চক্রের সদস্যরা মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে।
ঘটনার ৮ দিন পার হলেও থানা পুলিশ তৎপর না হওয়ায় ওই দুর্বৃত্তকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকুরি করার সুবাদে তিনি ঢাকাতে অবস্থান করেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের বাড়িতে ওই গৃহবধূ ও তার শ্বাশুরি ছাড়া অন্য কেউ বসবাস করতেন না। গত ১৫ মে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই গৃহবধূও শ্বাশুরি কেনাকাটা করতে বাজারে যায়। ওই সুযোগে ঘরের দরজা খোলা পেয়ে মো. মেহেদী নামের অটোচালক ধারালো ছুরি হাতে নিয়ে ওই ঘরের ভেতরে প্রবেশ করে বিছানায় ঘুমিয়ে থাকা গৃহবধূকে জাপ্টে ধরে । গৃহবধূ তখন চিৎকার দিলেও কেউ আশেপাশে না থাকায় চিৎকার শুনতে পায়নি। তখন মেহেদী তার হাতে থাকা ধারালো ছুরি গৃহবধূর গলায় ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে ফোন করে বিষয়টি জানিয়ে তার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই বলে জানায়। তখন তার স্বামী তাকে শান্তনা দিয়ে জানায় তোমার কোন চিন্তা নেই এবং সে থানায় ফোন দিয়ে তাদের বাড়িতে পুলিশ পাঠায়। পরবর্তীতে এ ঘটনায় ওই গৃহবধূ বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে গৃহবধূর পরিবার অভিযোগ করে জানান, মামলা দায়েরের ৮ দিন পার হলেও থানা পুলিশ আসামী গ্রেপ্তারে কোন তৎপরতা দেখাচ্ছে না। পুলিশ তৎপর হলে ধর্ষক মেহেদীকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানানো হয়।
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই সুলতান জানান, ঘটনার পর ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে এবং তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর থেকেই আসামী পলাতক রয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকায় তার অবস্থান সনাক্ত করা যায়নি। তবে আশা করি অবিলম্বে আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।
বাদশা