প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:৩৫ পিএম

গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ বৃহস্পতিবার (২২ মে) এ অভিযান পরিচালনা করা হয়।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল জানিয়েছেন, অবৈধভাবে পাউবোর জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তুলে ভাড়া আদায় করে আসছিলো দখলদাররা। জেলা প্রশাসনের সহায়তায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাচুড়িয়া এলাকায় মোট ৩২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলার ৫ উপজেলার বিভিন্ন স্থানে পাউবোর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ চলছে। ইতিমধ্যেই ওয়াপদারহাট, সিন্দিয়াঘাট, টুঙ্গিপাড়া, হরিদাসপুরসহ বিভিন্ন স্থানে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলায় পাউবোর ৫ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে গেছে। এসব জমি উদ্ধার করে সরকারি কাজে ব্যবহার করা হবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজাহারুল ইসলাম বলেন,টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়কটির নির্মাণ কাজ শেষ করতে পাচুড়িয়া এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন। সেকারণেই পাউবো তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
গোপালগঞ্জ পৌর ভুমি অফিসার মো:আনিসুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে পূর্বেই নোটিশ দেয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধা আসেনি। আজ পাচুড়িয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
তিনি বলেন, সরকারের পানি উন্নয়ন বোর্ডের বেদখল হওয়া জমি উদ্ধার কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসাবে পাচুড়িয়া এলাকার অবৈধ স্থাপনাসমুহ উচ্ছেদ করা হয়।