প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:১৮ পিএম

সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অবস্থান নেয়া মোটরসাইকেলকে অপর একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি একজন নিহত হয়েছেন।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল নিহতের নাম রবীন সরকার (৫৫) বলে জানিয়েছেন।
নিহত রবীন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বাটকুরা কালীনগর গ্রামের সুনীল সরকারের ছেলে।
দূর্ঘটনায় দাড়িয়ে থাকা বাসটির কমপক্ষে দশ জন যাত্রী আহত হয়েছে ঘাতক বাসের ধাক্কায়। পরে সাতপাড় কাজী নজরুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পেছন থেকে ধাক্কা দেয়া বাসটিতে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর আগেই বাসটি থেকে যাত্রীরা নেমে যেতে সক্ষম হয়।
বাসে অগ্নীসংযোগের ঘটনায় গোপালগঞ্জ- টেকেরহাট সড়কে এক ঘন্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সাতপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কির্ত্তনীয়া জানিয়েছেন, আজ সকাল এগারোটা থেকে সোয়া এগারোটার মধ্যে ওই দূর্ঘটনা সংঘটিত হয়েছে। বাসে অগ্নীসংযোগকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আগুন লাগার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিস সদস্যরা এবং বৌলতলি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায়। এসময় স্থানীয় জনতাও আগুন নেভাতে সাহায্য করে। দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির সাজেদুর রহমান জানান, সাতপাড় বাসস্ট্যান্ডের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।