ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আবারো অভিযান চালিয়ে স্কুল ব্যাগ থেকে ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে গত ২৪ এপ্রিল (২০ দিন পূর্বে একই ট্রেনে বিজিবির অভিযানে ১ কেজি ১২৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন সদর থেকে কোটচাঁদপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের উপরের রেলিং ফেলে রাখা স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।
জব্দ করা হেরোইনের ওজন ২.০৩২ কেজি, যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকারও বেশি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক ধ্বংশ করা হবে বলে জানিয়েছে বিজিবি।