প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:৩৭ পিএম

জেলার কাশিয়ানীতে ধানক্ষেতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বোরো ধান ক্ষেতে সেচ দেওয়া নিয়ে শিলা বেগমের স্বামী কাওছার মোল্লার সাথে ব্লক মালিক রবি মোল্লার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রবি মোল্লার লোকজন গৃহবধূ শিলা বেগম ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফলসি গ্রামে ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।