প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তবে এখনো নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আপাতত এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এক ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে থাকবে ভিন্ন ব্যবস্থা। একইভাবে সংসদের অধিবেশন চলাকালীন নির্বাচন হলে এক ধরনের প্রক্রিয়া, আর অধিবেশন না থাকলে আরেক ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সিইসি জানান, এসব বিষয় নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের এক সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জ/শা