
১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীরা সহজে চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনী ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক আবেদনকারীদের ভিসার জন্য বাধ্যতামূলকভাবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে।
তবে আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, চীন ভ্রমণের রেকর্ড অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।
দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে আবেদন সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনপত্রে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিসা সেবা প্রদানের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।
একই সঙ্গে নিশ্চিত ভিস, ভিসা না হলে টাকা লাগবে না, বিশেষ চ্যানেল বা ভেতরের যোগাযোগ এর মতো প্রলোভনমূলক দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।
ভিসা-সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা [chinaemb_bd@mfa.gov.cn](mailto:chinaemb_bd@mfa.gov.cn) অথবা [dhaka@csm.mfa.gov.cn](mailto:dhaka@csm.mfa.gov.cn) ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন (0088-02) 226603261-এ কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।