রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনার জন্য সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন কমিশন সরকারি গেজেটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য স্পিকারের সুবিধাজনক সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, বৈঠকে নির্বাচন কমিশনারদের পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

 জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসি   রাষ্ট্রপতি নির্বাচন   ভারপ্রাপ্ত স্পিকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft