প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৪৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি আমরা অবগত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, সরকারের জন্যও তা ইতিবাচক হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা অমূলক নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ খাতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
নুরুল হক বলেন, সমস্যাগুলোর সমাধানে সময় লাগতে পারে। তবে আমরা আশাবাদী, ধাপে ধাপে নতুন ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
জ/শা