পাবনায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:১৬ এএম

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ। তারা বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা ও আমেজ বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, এই সুযোগটি ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের একটি সাধারণ টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে ওই হামলার ঘটনা ঘটে।

পুলিশের দাবি, সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এতে ওই দলের শতাধিক নেতাকর্মীর সঙ্গে আরো কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র-লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের প্রত্যক্ষ উপস্থিতিতে ও নেতৃত্বে এই হামলা চালানো হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, ১০-১৫ জন পুলিশ সদস্যের একটি টহল দল দুটি গাড়িতে করে ঘটনাস্থলে যায়। সেখানে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখে পুলিশ এগিয়ে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরো কয়েকশ মানুষ জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলা চালিয়ে ওসিসহ দুই পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft